আমার সিলেট
অপরাধ
৫ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে বালু নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুরে বালু নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে বালু নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইফতারের পর সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীধরপাশা গ্রামের সায়মন মিয়ার রাখা বালু তার অনুমতি ছাড়া কামারখাল গ্রামের সাব্বীর মিয়া নিজের ট্রলি গাড়ি দিয়ে নিয়ে যান। এ ঘটনায় গত দুইদিন ধরে সাব্বীর মিয়াকে খুঁজছিলেন সায়মন মিয়া, তবে তার দেখা পাননি।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইফতারের সময় সায়মন মিয়ার প্রতিবেশীর এক বাড়িতে সাব্বীর মিয়া ইফতারের দাওয়াতে এলে সেখানে গিয়ে বালুর বিষয়টি জানতে চান সায়মন। এ সময় উপস্থিত সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি সায়মনকে গালাগালি করে সেখান থেকে চলে যেতে বলেন।

এরপর ইফতারের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সিরাজুল ইসলাম (৬০) ও সানোয়ার মিয়া (৬২)-এর নেতৃত্বে আসাব হোসেন (২৭), খুকন মিয়া (২৬) ও সিজিল মিয়া (৩২) সহ একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সায়মন মিয়ার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সায়মন মিয়ার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন— সায়মন (৩৫), পিতা- আজাদ মিয়া; সামসুল (৬০), পিতা- ছুরত আলী; সালাতুল রহমান (৪৫), পিতা- আব্দুল চত্তার; মিজান (৪৫), পিতা- ভাগ মিয়া; মারুফ (২৫), পিতা- সামসুলসহ আরও কয়েকজন।

আহতদের দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অভিযোগ রয়েছে, আহতরা যখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, তখন সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা সেখানে গিয়ে তাদের ওপর দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে। এ সময় হাসপাতালের চিকিৎসক ও উপস্থিত সাধারণ মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের সদস্য মিজান ও তাদের শুভাকাঙ্ক্ষীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, বিষয়টি নিয়ে সালিশের উদ্যোগ চলছে। এখনও কোনো মামলা দায়ের হয়নি।

সুনামগঞ্জ
বালু
সংঘর্ষ
আহত

মতামত (0)