আমার সিলেট
শিক্ষা
২ মে, ২০২৬

যুব সমাজে ইতিহাস ছড়িয়ে দিতে সিলেটে ‘বইয়ের পাতা’র মাসব্যাপী পাঠ-প্রতিযোগিতা শুরু

Tahmid (প্রতিনিধি)
সিলেট সদর, সিলেট
১৪
যুব সমাজে ইতিহাস ছড়িয়ে দিতে সিলেটে ‘বইয়ের পাতা’র মাসব্যাপী পাঠ-প্রতিযোগিতা শুরু

যুব সমাজের মাঝে স্পেনের ইতিহাস ছড়িয়ে দেওয়া এবং বই পড়ার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘লীগেসি অফ স্পেইন’ শীর্ষক বই বিতরণ অনুষ্ঠান।গতকাল শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে নগরীর একটি মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

এই আয়োজনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বইপ্রেমিদের সংগঠন ‘বইয়ের পাতা’ আয়োজিত মাসব্যাপী বিশেষ পাঠ প্রতিযোগিতা। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ইতিহাসের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্টের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী। তিনি বক্তব্যে স্পেন বিজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “তারিক বিন জিয়াদের স্পেন বিজয় মুসলিম ইতিহাসের এক গৌরবময় ও স্মরণীয় অধ্যায়।”

তিনি আরও বলেন, প্রায় ৭০০ থেকে ৮০০ বছরের মুসলিম শাসনামলে ইউরোপসহ বিশ্বব্যাপী জ্ঞান-বিজ্ঞান, দর্শন, শিল্প ও সংস্কৃতিতে মুসলমানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা বর্তমান প্রজন্মের জানা অত্যন্ত জরুরি।

অতীতের গৌরবময় ব্যক্তিত্বদের জীবন থেকে শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি উপস্থিত সবাইকে তারিক বিন জিয়াদ ও মুহাম্মদ ইবনে কাসিমের মতো বীরদের জীবনী থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান। শেষে তিনি ‘বইয়ের পাতা’র এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন।

উল্লেখ্য, সিলেট শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ‘বইয়ের পাতা’ দীর্ঘদিন ধরে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে । আয়োজকদের মতে, এই মাসব্যাপী প্রতিযোগিতা পাঠাভ্যাস বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে।

মতামত (0)