বিমানবন্দর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ৩

সিলেটের বিমানবন্দর সড়কে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ফাহাদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে নগরীর মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ এসএমপি’র শাহপরান থানার বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিমানবন্দরের দিকে যাওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ ১৫-৩৯৬১)-এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ফাহাদ ঘটনাস্থলেই মারা যান এবং আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম শ্যামল বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
