না ফেরার দেশে বাউল বশির উদ্দিন সরকার

বাউল আব্দুল করিমের শিষ্য প্রখ্যাত বাউল বশির উদ্দিন সরকার মারা গেছেন। আজ সকাল ৮:৩০ মিনিটের সময় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর।
মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে শয্যাশায়ী ছিলেন বাউল বশির উদ্দিন। অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা। অবশেষে থেমে গেল তাঁর সুরভরা জীবনও।
বৈষয়িক কোনো লোভ, লালসা স্পর্শ করেনি তাঁকে। দারিদ্র্যতা আর অভাবের তাড়নার মাঝেও অব্যাহত রেখেছিলেন সংগীত সাধনা৷ আজীবন গান দিয়ে ছড়িয়েছেন প্রেম, মানবতা আর সত্যের কথা। সহশিল্পীদের চাওয়া, তাঁর গান ও বইগুলো সংরক্ষণ করা হোক, যাতে হারিয়ে না যায় এক জীবনের সাধনা।
লোকসংগীত জগতে বাউল বশিরের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। রয়ে গেল শুধু তাঁর গান, যা একদিন নতুন প্রজন্মের কণ্ঠে আবারও বেঁচে থাকবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে পরিবারসহ পুরো সংস্কৃতি অঙ্গনে।
