তিনদিন নিখোঁজের পর জমিয়ত নেতার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতা মাওলানা মুশতাকের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি নদী থেকে নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী জমিয়তে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই দিন রাত ১০টার দিকে নিজ বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রাম থেকে জেলা শহরে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় বুধবার (৩ সেপ্টেম্বর) তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন বৃহস্পতিবার তার সন্ধান দাবিতে স্থানীয়রা বিক্ষোভও করেন।
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
