আমার সিলেট
শোক
৫ অক্টোবর, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নি হ ত

নিজস্ব প্রতিবেদক
নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নি হ ত

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর গ্রামের সাজিদ আলীর পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আজমত আলী শ্রমিকসহ খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে সবজি কিনতে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে দেওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪) পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান আজমত আলী।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, “দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।”

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত আজমত আলীর নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ধরে সবজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ঢাকা-সিলেট মহাসড়ক
ট্রাক-পিকআপ সংঘর্ষ
ব্যবসায়ী
নিহত

মতামত (0)