আমার সিলেট
শোক
১৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় ক্রিকেটার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক
সিলেট
জাতীয় ক্রিকেটার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী আর নেই

এবাদত হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরীর বাবা ও সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে সিলেট ওয়েসিস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

নিজাম উদ্দিন চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামে। বর্তমানে তিনি একই ইউনিয়নের রুকনপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা চলছিল। সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থা ভালো থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় ছেলে এবাদত হোসেন তাঁকে হাসপাতালে নেওয়ার পথে নিয়ে গেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতে রুকনপুর গ্রামে এবাদতের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাবাকে শেষবারের মতো দেখতে ভিড় করছেন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শোকে ভেঙে পড়েছেন ক্রিকেটার এবাদত হোসেন ও তাঁর পরিবার।

এবাদত বলেন, “বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসকরাও বলেছিলেন, তিনি অনেকটা সুস্থ। কিন্তু হঠাৎ পথে বাবাকে হারাবো, তা কখনো ভাবিনি। সবাই বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

এলাকার শিক্ষক এমরান হোসেন নামুন বলেন, “নিজাম উদ্দিন চাচা খুব ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।”

মৃত্যুকালে নিজাম উদ্দিন চৌধুরী স্ত্রী, ছয় ছেলে-মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঁঠালতলী ঈদগাহ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ জাতীয় দল
এবাদত হোসেন চৌধুরী
ক্রিকেটার

মতামত (0)